সর্বশেষঃ

ভোলার মানুষ আজও যাঁকে ভোলেনি…… : আজ জাহাঙ্গীর মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ একজন সৎ, আদর্শবান, কর্মনিষ্ঠা ও নিরহংকার ও জনকল্যাণে নিবেদিত সমাজসেবক ছিলেন মরহুম জাহাঙ্গীর আলম। যাকে ভোলার মানুষ আজও ভোলেনি। রয়ে গেছেন মানুষের মনি কোঠায়। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তার ৪র্থ মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতসহ নানা কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে।
মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়া ছিলেন সমাজসেবার এক জীবন্ত প্রতীক। তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ মানুষ। যিনি নিরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমৃত্যু। লোক চক্ষুর অন্তরালেই কাটিয়েছেন জীবন। কিন্তু তাঁর সেবামূলক কর্মকান্ড ছুঁয়ে গেছে হাজারো হৃদয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে-সবখানেই তিনি রেখেছেন বলিষ্ঠ নেতৃত্বের ছাপ।
মরহুম জাহাঙ্গীর আলম ছিলেন ভোলা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। ভোলা জেলা জুয়েলার্স মালিক সমিতির আমরণ সভাপতি। জামিরালতা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ইটভাটা মালিক সমিতির দীর্ঘ সময় ধরে ছিলেন সভাপতি। ভোলা চেম্বার অব কমার্সের নির্বাচিত সভাপতি। টাউন কমিটি (বাংলা স্কুল) পরিচালনা পর্ষদের সভাপতি। ঠিকাদার সমিতির দীর্ঘদিনের সভাপতি। ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস বাস্তবায়নের রূপকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি। জেলা কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদকসহ আরও বহু প্রতিষ্ঠানের কর্ণধার ও সক্রিয় পথ প্রদর্শক।
এই সবকিছুর পাশাপাশি তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিত প্রাণ। অর্থনৈতিক স্বচ্ছতা, কর্মনিষ্ঠা ও নিরহংকার জীবনের মাধ্যমে অর্জন করেছিলেন মানুষের অগাধ ভালোবাসা ও বিশ্বাস। সবসময় হাস্যোজ্জ্বল, বিনয়ী ও সহজ মানুষটি সমাজসেবার কঠিন বাস্তবতাকে কখনোই নিজের উপর ছাপ ফেলতে দেননি। রেখে গেছেন তার কর্মময় জীবনের অগণিত উৎকৃষ্ট উদাহরণ। আজ তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা হয়ে আছে।
উল্লেখ্য, ১৯৫০ সালে ভোলা সদর উপজেলার জামিরালতা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। আজ ২ সেপ্টেম্বর তার ৪র্থ মৃত্যু বার্ষিকী। তিনি ২০২১ সালের এই দিনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। এ সময় তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।