ভোলায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা
প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তারা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আঙ্গিনা পরিস্কার করার মধ্য দিয়ে আসল স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সাড়ে ১১টার দিকে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে তারা।
দলটির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মমতাসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে তারা হাসপাতালটির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিজেদেরকে নিয়োজিত করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে রাজনৈতিক কর্মসূচিগুলো গণমুখী করার জন্য আমরা কাজ করছি। গণমুখী কর্মসূচি পালন করে আমরা সারাদেশে রাজনীতির নতুন বার্তা দিতে চাই। আগামী দিনের রাজনীতি হবে গণমুখী ও বাস্তবমুখী।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৃষ্টি হয়েছে সামাজিক কার্যক্রম, সহযোগিতা এবং সমাজ ও মানুষকে সহযোগিতা করার জন্য। দেশনায়ক তারেক রহমান তার চিন্তাভাবনা থেকে স্বেচ্ছাসেবক দল দলের নেতাকর্মীদেকে জনগণের পাশে থাকা এবং এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। শুধু রাজনীতির ভেতর সীমাবদ্ধ থাকলে হবে না, পাশাপাশি জনগণের পাশে দাঁড়াতে হবে। আজকে এই হাসপাতালের আঙিনা আমরা পরিষ্কার করতে এসেছি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে। আমরা প্রকৃত অর্থেই এই হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্ন করেছি। সামনের দিকে পর্যায়ক্রমে আমরা এধরনের সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, আমরা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচিকে সাধুবাদ জানাই। চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্ধেক রোগ ব্যাধি রোধ করতে পারেন এটা আমরা সবাই জানি। আমরা স্বেচ্ছাসেবক দলের এই সকল কর্মকান্ডে ধন্যবাদ জানাই।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, মীর মোস্তাফিজুর রহমান রনি, আশ্রাফ উদ্দিন বাপ্পি, আশ্রাফুল আলম ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা কামাল পাশা, কামাল মেম্বার, সিদ্দিকুর রহমান স্বপন গোলদার, যুবরাজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহবায়ক ফারুক দেওয়ান, আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
