বোরহানউদ্দিনকে হারিয়ে নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভোলা
ইস্পিতার মৃত্যুর তদন্ত ও বিচার দাবিতে পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এ আর হেলাল ॥ ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নেত্রী সুকর্ণা আক্তার ইস্পিতার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা পৌর ছাত্রদল। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পৌর ছাত্রদল সদস্য সচিব জাকারিয় বেলালের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি হোমিও কলেজ রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ইস্পিতার মৃত্যুকে ‘সুসংগঠিত অপমৃত্যু’ হিসেবে দাবি করে অবিলম্বে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে জাকারিয়া বেলাল বলেন, ইস্পিতা শুধু একজন শিক্ষার্থী নন, তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সক্রিয় সৈনিক। কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনার পেছনে রহস্য রয়েছে। আত্মহত্যা বলে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেলা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত শাকিল, ইয়াহিয়া, পৌর ছাত্রদল নেতা মিজানুর রহমান মুন্না, আতিকুল ইসলাম, শোভন রায়, আতাহার চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইস্পিতার মৃত্যু নিয়ে ছাত্রদলের দাবিগুলো: ইস্পিতার মৃত্যুর যথাযথ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। এটি হত্যা না আত্মহত্যা-তা প্রকাশ্যে আনতে হবে। যেই দোষী হোক, তার রাজনৈতিক পরিচয় না দেখে শাস্তি দিতে হবে। উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও মিথ্যা অপপ্রচার বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। ইস্পিতার মৃত্যু শুধুই একটি মানবিক ট্র্যাজেডি নয়-এটি বর্তমানে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। জনমনে শান্তি ফেরাতে এবং সত্য উদঘাটনের স্বার্থে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও দ্রুত পদক্ষেপ।
উল্লেখ্য, গত ১৭ জুন কর্ণফুলী-৪ নামের একটি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন ভোলা সরকারি কলেজের ছাত্রী সুকর্ণা আক্তার ইস্পিতা। ২১ জুন তার মরদেহ উদ্ধার হয় লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে। এ মৃত্যুকে ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলছেন এটি আত্মহত্যা, কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকা-। আবার কেউ কেউ ইপ্সিতার ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করেও নানা মত প্রকাশ করছেন, যার ফলশ্রুতিতে একটি রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনকে ঘিরেও কিছু অভিযোগ সামাজিক মাধ্যমে ঘুরছে। তবে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা প্রমাণ এখনো পাওয়া যায়নি।
