সর্বশেষঃ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইকবাল হোসেন সোহেল নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহেল ওই এলাকার মো. কামাল মিঝির ছেলে।
জানা যায়, শুক্রবার বিকালের দিকে মোটর দিয়ে নিজ বসতঘরের পাশের ডোবার পানি সেচ করতে যান সোহেল। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে সোহেলকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।