বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
২১ দিনেও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

রোমানুল ইসলাম সোহেব ॥ ভোলার দৌলতখানে এক মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলার ২১ দিন পার হলেও তিন আসামির কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । গত ১০ নভেম্বর চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ নভেম্বর ভিকটিমের মা বাদী হয়ে দৌলতখান থানায় মামলা দায়ের করে। বাদীর অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের আটক করছেন না।
জানা যায়, গত ১০ নভেম্বর রাত ৬টা ৪০ মিনিটের সময় চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাদরাসা ছাত্রীকে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় একই ওয়ার্ডের আলমগীরের ছেলে আকবর হোসেন মন্টু ও সহযোগী জসিম ও রায়হান। পরে স্থানীয় মুন্সি বাড়ির বাগানে নিয়ে আকবর ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে আকবরকে প্রধান আসামি এবং সহযোগী জসিম ও রায়হানকে আসামি করে মামলা দায়ের করে। আসামি জসিম চরখলিফা ২নং ওয়ার্ডের আঃ খালেক মাষ্টারের ছেলে। রায়হান চরখলিফা ৪নং ওয়ার্ডের মোঃ আনিছের ছেলে।
মামলার বাদী ভিকটিমের মা জানায়, সন্ধ্যার পর তার মেয়ে ঘরের বাহিরে টয়লেট গেলে প্রধান আসামিসহ অন্য দুই আসামিরা রুমাল দিয়ে মুখ চেপে ধরে তার মেয়েকে তুলে নিয়ে যায়। পরে মুন্সি বাড়ির বাগানে নিয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে মেয়ের ঘরে ফিরতে দেরি হওয়ায় মেয়েকে খুঁজতে বের হয় তারা। অনেক খোঁজাখুজির পর মির্ধার হাট ব্রিজের কাছে গেলে তাদের সামনে মোটরসাইকেল থেকে মেয়েকে ফেলে চলে যায় আসামি আকবর হোসেন। পরে মেয়ের কাছে জানতে পারে আসামি জসিম ও রায়হানের সহায়তায় প্রধান আসামি তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে না জানাতে হুমকি দেয় প্রধান আসামি আকবর হোসেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলায়েত হোসেন বলেন, মামলার তদন্ত চলছে। ভিকটিমের শারীরিক ও জব্দকৃত আলামত পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তনাধীন। ডিএনএ টেস্টের জন্য আলামত ঢাকায় পাঠানো হয়েছে।
