সর্বশেষঃ

দৌলতখান হাসপাতালে এক্স-রে মেশিন ও ডেন্টাল চিকিৎসক নেই, ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন ও ডেন্টাল ইউনিট থাকলেও চিকিৎসক নেই দীর্ঘ দিন ধরে। ফলে ব্যাহত হচ্ছে এক্সে-রে কার্যক্রম ও দাঁতের রোগীদের চিকিৎসা সেবা। দৌলতখান হাসপাতালে এক্স-রে মেশিন ও ডেন্টাল চিকিৎসক না থাকায় আগত রোগীরা সু-চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে। হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে রোগীদের ছুটতে হচ্ছে বাইরের চিকিৎসকের কাছে। উন্নতমানের এক্স-রে ও দাঁতের চিকিৎসা করাতে দ্বিগুণ অর্থ খরচ করতে হয় রোগীদের। রোগীদের বেহাল অবস্থা নিয়ে দৌড়াতে হচ্ছে উপজেলা ও জেলা সদরের বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। অনেক সময় দূর-দূরান্তে গিয়ে সাধারণ রোগীরা বেশি টাকা ব্যয় করে এক্স-রে ও দাঁতের চিকিৎসা করাতে পারছেন না। আর কত দিন পর এক্স-রে মেশিন ও ডেন্টালের চিকিৎসা পাবে এ প্রশ্ন দৌলতখানবাসীর।

ভোলা সদর উপজেলার রাবেয়া বেগম নামের এক গৃহবধূ বলেন, আমার বাবার বাড়ী দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে। আমার দুই সন্তান। গত রোজার ঈদের পরে আমি বাবার বাড়ীতে বেড়াতে যাই। এ সময় হঠাৎ আমার ছোট ছেলে ঠান্ডা জনিত কারণে অসুস্থ্য হয়ে পড়ে। তখন তাৎক্ষনিকভাবে আমি ছেলেকে নিয়ে দৌলতখান হাসপাতালে যাই। সেখানকার কত্যর্বরত চিকিৎসক আমার ছেলের বুকের একটি এক্স-রে করানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও সেটা আমাদের কোন কাজে আসনি। আমাকে বাধ্য হয়ে বাহিরে এক্স-রে করাতে হয়েছে। এতে আমাদের যেমন বেশি টাকা খরচ হয়েছে। তেমনি পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। আমাদের মত সাধারণ মানুষদের ভোগান্তি কমাতে দ্রুত দৌলতখান হাসপাতালে এক্স-রে মেশিনটি সচল করার দাবী জানাচ্ছি। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০ সালে একটি এক্স-রে মেশিন দেয়া হয় । কিছুদিন কার্যক্রম চললেও তারপর থেকে টেকনিশিয়ানের অভাবে সেটিও বন্ধ হয়ে যায়। অন্যদিকে দৌলতখান হাসপাতালে ডেন্টাল চিকিৎসক না থাকায় দীর্ঘ কয়েক মাস ধরে ডেন্টাল রুমে তালা ঝুৃলছে। ফলে ব্যাহত হচ্ছে এক্সে-রে কার্যক্রম ও দাঁতের রোগীদের চিকিৎসা সেবা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান বলেন, ‘টেকনেশিয়ান না থাকায় এক্স-রে মেশিনটি চালু করা যাচ্ছে না।তাছাড়াও দৌলতখান হাসপাতালে ডেন্টাল চিকিৎসক নেই। এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিটি পাঠানো হয়েছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।