বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে মেঘনায় ডাকাতি, মুক্তিপণ দিয়ে প্রাণ বাঁচল জেলে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে ২টি ট্রলারসহ ১২ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে জলদস্যু বাহিনি। গত বৃহস্পতিবার রাতে দিদার মাঝি মাছঘাট এলাকার নুর হোসেন হাওলাদারের দাদন কৃত মাঝি নুরে আলমসহ ৬ জন ও আবুল কালাম বেপারীর দাদনকৃত ফরহাদ মাঝিসহ ৬ জন মাল্লা মেঘনায় মাছ শিকার করতে যায়। হাসাননগর এলাকায় মেঘনার মধ্যে জলদস্যু বাহিনি তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে নুর হোসেন হাওলাদারের কাছ থেকে ৫০ হাজার ও আবুল কালাম বেপারীর কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন জলদস্যু বাহিনি। পরে নিরুপায় হয়ে তারা ০১৭২৭১২০৩৬৪ বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা ও ০১৭৫২৬৭৯৩৮৪ নাম্বারে ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে জিম্মি হওয়া ১২ জেলে ও নৌকা ছাড়িয়ে আনেন।
উদ্ধার হওয়া জেলেরা জানান, হাসাননগর ইউনিয়নের সুলিজ মাছঘাট এলাকার জলদস্যু বাহিনি আস্তানা রয়েছে। সেখানে জলদস্যু বাহিনির প্রধান মহিউদ্দিন মাঝিসহ সামসুদ্দিন, নুরে আলম, শাহিন, নুর নবী, করিম, শাকিল, মফিজসহ প্রায় ১৫ জন একটি জলদস্যু বাহিনি টিম গঠন করেন। তারা দির্ঘ ১৫ বছর যাবত মেঘনা নদীসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাও রয়েছে। তারাই ডাকাতি করে মুক্তিপণ দাবি করেন। তাদের কাছে দেশীয় অস্ত্রসহ বন্ধুক রয়েছে।
অন্যদিকে স্থানীয়রা জানান, উল্লেখিত ডাকাত দল দীর্ঘদিন যাবৎ পালাতক ছিল। গত ডিসেম্বর মাসে ইউপি নির্বাচনে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে জিতার জন্য লাঠিয়াল বাহিনি হিসেবে এলাকায় আনেন। পরে তারা এলায় এসে পুনরায় ডাকাতি শুরু করেন।
এ ব্যাপারে হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, হাসাননগর ইউনিয়ন ডাকাত মুক্ত করার জন্য আমি জীবন দিয়ে হলেও লড়ব। তবে কোন অপরাধীকে ছার দেওয়া হবে না বলে জানান তিনি।
বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, মেঘনা নদীতে আমাদের নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে। ডাকাতির তথ্য পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, আমাদের কাছে এধরনের কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
