বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
জোয়ার আসলেই ডুবে যায় রাস্তা, সাঁকোই একমাত্র ভরসা

জোয়ারের পানি এলেই ডুবে যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি রাস্তা। তখন ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় পথচারীদের চলাচল। এতে ঘর বন্ধি হয়ে পরে প্রায় ২০০ পরিবার। উপজেলার সাচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ দরুন গ্রামের মিয়াজী বাড়ীর জামে মসজিদের সামনে থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বেড়ীবাঁধ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার এই বেহাল দশা যেন দেখার কেউ নেই। ওই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া জোয়ারের পানিতে রাস্তাটির অধিকাংশ এলাকা খালের মধ্যে বিলীন হয়ে গেছে। ফলে গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার পথচারী, রোগী, বিভিন্ন স্কুল- কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
স্থানীয়রা জানায়, বিগত ১০ বছরের মধ্যে রাস্তাটির কোন সংস্কার করা হয়নি। ঘনবসতিপূর্ণ ওই এলাকার সেই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলে বা জোয়ারের পানি উঠলেই রাস্তাটি সম্পূর্ণ তলিয়ে যায়। এ অবস্থায় গত কয়েকদিন আগে এলাকাবাসী মিলে রাস্তার উপরে বাঁশ, সুপারী ও খেজুর গাছ দিয়ে সাঁকো তৈরি করেন। এখন সেই সাঁকোই চলাচলের একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দা আমানুল্লাহ মিয়াজী বলেন, অনেক বছর ধরে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে নৌকা ছাড়া কোন উপায় থাকে না। রাস্তাটি সংস্কারের জন্য অনেকের কাছে গিয়েও আমরা কোনো সুফল পাইনি।
কুলছুম বিবি নামে ষাটোর্ধ্ব এক গৃহবধূ বলেন, আমরা বয়স্ক মানুষ। রাস্তা খারাপ থাকায় কোনো কাজে ঘর থেকে বের হতে হলে রাস্তার করুন দশার কারণে আর বের হতে পারিনা।
স্থানীয় মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইলিয়াছ হোসেন বলেন, রাস্তা খারাপ থাকায় বর্ষার সময় জোয়ারের পানি উঠলে আমরা ঠিকমত স্কুলে যেতে পারি না। এতে পড়ালেখা ব্যাহত হচ্ছে। এছাড়া স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সাথী, তানিশা, সুমন, মারুফসহ অনেকে জানায়, রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকবার তারা বই খাতা নিয়ে পানির মধ্যে পরে যাওয়ার কারণে স্কুলে ক্লাশ করতে পারেনি। তাই পড়া লেখায় ব্যাঘাত ঘটছে।

ওই এলাকার বাসিন্দা জসিম, রিয়াজ, রফিজল, মাদ্রাসা শিক্ষক আল-আমিন ও মিয়াজী বাড়ী জামে মসজিদের ইমাম আঃ কাদেরসহ স্থানীয়রা জানান, রাস্তা না থাকায় এখানকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জোয়ার উঠলে বাজার করতে কেউ হাট বাজারে যেতে পারেন না। তাদের সন্তানরা ঠিক মত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এ ছাড়া মসজিদে নামাজ আদায় করতে যাওয়া যায় না। তারা আরো জানান, রাস্তাটি খারাপ থাকায় ২০১৭ সালে স্কুলে যাওয়ার সময় একই এলাকার বসু খার ছেলে অন্তর (১০) জোয়ারের পানিতে ডুবে মারা গেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধা ভোলার বাণী’কে জানান, ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে এলাকার মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশাকরি জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন ভোলার বাণী’কে বলেন, রাস্তার সমস্যার বিষয়ে এলাকাবাসী আমাদের অফিসে লিখিত আকারে প্রেরণ করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান শনিবার দুপুরে ভোলার বাণী’কে বলেন, ওই এলাকা পরিদর্শন করে খুব শিগগিরই আমরা রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করবো। যাতে এলাকাবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।
