সর্বশেষঃ

চরফ্যাশনে আশ্রায়ন প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্মমানের ইট

সতর্ক হলেন ইউএনও, সরবরাহকারী ইট ভাটার চুক্তি বাতিল

ভোলার চরফ্যাশনে মুজিববর্ষের ৩য় পর্যায়ের আশ্রয়ন প্রকল্প-২ এর রসুলপুরের ভাষান চর এলাকায় নির্মাণাধীন গৃহের কাজে নিম্মমানের ইট দেয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে নিজে সতর্ক হয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান উপজেলা নিবার্হী অফিসার আল নোমান।
জানা যায়, আশ্রয়ন প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে চরফ্যাশন উপজেলায় ৩৪০ টি গৃহের জন্য বরাদ্দ আসে। তার মধ্যে জাহানপুর মৌজায় ১০ টি, উত্তর চরমানিকা মৌজায় ৬০ টি, জিন্নাগড় মৌজায় ৩ টি এবং চর আরকলমি মৌজায় ৪৭ টি মোট ১২০ টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে । মনোরম পরিবেশে নির্মিত ওই ১২০টি ঘরের চাবি ও জমির দলিল ইতোমধ্যে চরমানিকা, জিন্নাগড়, জাহানপুর, নজরুলনগর, রসুলপুর এবং কলমি ইউনিয়নের ভূমিহীন, অসহায় এবং গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে। পুনর্বাসিত উপকারভোগী পরিবারগুলোর মধ্যে প্রতিবন্ধি পরিবার ১২ টি, নদীভাঙ্গা পরিবার ৪৮ টি, স্বামী পরিত্যক্তা পরিবার ১৫ টি, শ্বশুর বাড়িতে আশ্রিত পরিবার ২১টি এবং স্বামী-স্ত্রী সন্তানসহ অসহায় ভূমিহীন পরিবার ২৪ টি।
৩য় পর্যায়ে বরাদ্দকৃত ৩৪০টি ঘরের মধ্যে অবশিষ্ট ২২০টি গৃহের নির্মাণ কাজও চলমান আছে এবং আগামী ৩০ শে জুনের মধ্যে ওই সকল গৃহে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পুনর্বাসনের মাধ্যমে চরফ্যাশন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। তারই ধারাবাহিকতায় নির্মাণাধীন ২২০টি গৃহে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলো পুনর্বাসনের লক্ষে প্রকৃত ভূমিহীন, গৃহহীন ও অসহায় পরিবাগুলোর বাড়ী বাড়ী গিয়ে প্রকৃত অসহায় ও গৃহহীন পরিবার যাচাই বাছাই কার্যক্রম চলমান আছে। যাচাই বাছাইয়ে মনোনীত পুনর্বাসন প্রত্যাশী পরিবারগুলোর মধ্যে গৃহ প্রাপ্যতার অগ্রাধীকার তালিকা প্রস্তুতপূর্বক লটারি এর মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং ঘর বরাদ্দ প্রদান করা হবে।
এদিকে রসুলপুরের ভাষান চর এলাকায় নির্মাণাধীন গৃহের কাজে নিম্মমানের ইট দেয়ার অভিযোগ করেন ঘর প্রাপ্ত সুফলভোগী পরিবার ও স্থানীয়রা। এসব অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এসব ঘর মূলত অসহায় লোকজনের জন্য এখানে গাফিলতি করার কোনো সুযোগ নেই। স্থানীয়দের অভিযোগ আপনাদের মাধ্যমে জানতে পেরে আমি আরো সতর্ক হয়েছি। আমরা ইটভাটা কর্তৃপক্ষকে ১ নম্বর ইটের টাকা প্রদান করে থাকি। তবে অনেকসময় ভাটার শ্রমিকেরা চাহিদা মত ইটের সাপ্লাই দেয় না। মাঝে মধ্যে এরকম ইট আসলে আমাদের মিস্ত্রিরা এসব ইট আলাদা করে রাখে। আমরা প্রয়োজনে এগুলি ইট ভাটায় ফিরিয়ে দেই। আসলে এসব ইট দিয়ে সাইটে গাড়ি প্রবেশের রাস্তা মেরামতের কাজ করা যায় এর বাইরে অন্য কিছু করার কোনো সুযোগ নেই।
আমি আসলে চেষ্টা করছি গরীব মানুষের এই ঘর গুলি ভালো করে নির্মাণ করার জন্য। আমার ব্যবহার করা সকল উপকরণ বাজারের বেশি দামের জিনিস যেমন আমি বেশি দাম দিয়ে মেহগনি কাঠ ব্যবহার করছি অন্য সকল জায়গায় ব্যবহার করে রেন্ট্রী কাঠ। ওই কাঠে আমি আবার মবিল ও ডিজেল তেল দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি যাতে এসব কাঠে ঘুনে না ধরে। আমার সিমেন্ট সেভেন রিংস আর প্রিমিয়ার সিমেন্ট বাজারে এর থেকে অনেক কমদামের সিমেন্ট আছে। আমার রড হল গ্রেডের রড এবং ডিজাইনে যেভাবে আছে সেভাবেই ১২মিলি, ১০মিলি, ০৮মিলি রড ব্যবহার করেছি। বাথরুমের দরজা আরএফএল কোম্পানির, টিন ডিজাইনে যেভাবে আছে সেভাবে ৩৬ মিলিমিটার এর ব্যবহার করা হয়েছে। বর্তমানে ইট দিচ্ছে কাজী ব্রিক ও মোহনা ব্রিক। মোহনা ব্রিক থেকে এক নম্বর খোয়া কিনে ব্যবহার করা হয়েছে। আর ওই ইট যারা দিয়েছে তাদের সকল ইট ফিরিয়ে দিয়েছি এবং শাপলা ব্রিকের চুক্তি বাতিল করেছি। ওই ইট দেয়ার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।