বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলার দৌলতখান উপজেলার চাউলতাতলী এলাকায় জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষার্থীরা ওই সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবীতে বিক্ষোভ করেন। বুধবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, বিদ্যালয়ের সামনে সড়কের দুপাশে স্পিডব্রেকার স্থাপন করতে হব’ এই স্লোগানে মুখরিত করে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিদ্যালয়ের ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় একটি অটো এক শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়, এতে ঐ শিক্ষার্থীর একটি পা ভেঙ্গে যায়। এরপরই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় বুধবার বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সময়ে ওই সড়ক দিয়ে দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি যাওয়ার চেষ্টা করে। সড়কে বিক্ষোভ চলতে থাকায় তিনি এবং তার গাড়ী অবরুদ্ধ হয় পড়ে। পরে তিনি গাড়ি থেকে নামেন। এসময় তিনি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা হবে।
এছাড়া শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার, জেলা রোডস এন্ড হাইওয়ের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো রাসেল। এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাইকে আশ্বস্ত করে রোডস এন্ড হাইওয়ের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের সামনের সড়কের দুপাশে দুটি স্পিডব্রেকার স্থাপন করে দিতে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
