সর্বশেষঃ

তজুমদ্দিনে বাল্যবিয়ের প্রভাবে দেড় হাজার শিক্ষার্থীর পড়ালেখা ব্যাহত

ছবিঃ তজুমদ্দিন বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের ক্যারাতে প্রশিক্ষণ।

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাল্যবিয়ের কারনে প্রায় দেড় হাজার কন্যা শিশু স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, করোনাকালীন সময়ে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ এলাকায় বাল্যবিয়ে বেড়ে যায়। ফলে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পড়ালেখা হুমকির মুখে পড়ে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, উপজেলার ৩০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় দেড় হাজার ছাত্রীর বাল্য বিয়ে হয়ে গেছে। এদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৬ বছর। এসব শিশুদের অনেক অভিভাবক তাদের অসচেতনতার কারণে জোরপূর্বক বিয়ে দিয়ে দেন। তারা বর্তমানে শ্বশুর বাড়িতে অবস্থান করায় স্কুলে আসছেনা। অনেকে আবার সন্তান নিয়ে স্কুলের কথা ভুলেই গেছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানান, গত দেড় বছরে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৩২জন, চাদঁপুর মহিলা আলিম মাদ্রাসার ৮০ জন, ফারজানা চৌধুরী বালিকা বিদ্যালয়ের ৪০জন, শিবপুর মহিলা দাখিল মাদ্রাসার ৭৫ জন, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর বিয়ে হয়েছে। মোট ৩০টি স্কুল-মাদ্রাসার প্রায় দেড় হাজার ছাত্রী বাল্য বিয়ের শিকার হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ছাত্রীর অভিভাবকরা স্কুলে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ইউপি সচিবের সহযোগীতায় বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করে গোপনে কাজী ডেকে বাল্য বিয়ের কাজ সম্পন্ন করেন। এসব কর্ম সম্পাদনের জন্য উপজেলা ব্যাপী রয়েছে একদল ভুয়া কাজী। অভিভাবকরা ধুমধাম করে আয়োজন করেন বিয়ের অনুষ্ঠান। কোন কোন অনুষ্ঠানে প্রশাসন হানা দিলেও গোপনে আগে বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ায় দেখা যায় আইনী শিথীলতা। প্রতিটি ইউপির কর্মকর্তাদের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করে। এসব কাগজ যাচাই-বাচাই না করেই এক শ্রেণির চুক্তিভিত্তিক কাজী (মুল কাজীর সহকারী) বিয়ের ব্যবস্থা করেন।
এদিকে বাল্যবিয়ে নিয়ে উপজেলায় কাজ করা এনজিওগুলোর তেমন কেন তৎপরতা দেখা যাচ্ছে না। কাগজে কলমে ২/১ টি অনুষ্ঠান দেখিয়ে এনজিওগুলো সন্তুষ্ট রাখছেন দাতাদের। এ উপজেলায় প্রায় ৩২টি বেসরকারী সংস্থা কাজ করলেও বাল্যবিয়ে নিয়ে তাদের কার্যক্রম চোখে পরেনা। শুধুমাত্র সুশীলন নামের একটি এনজিও বাল্যবিয়ে প্রতিরোধে স্কুলভিত্তিক কিছু কাজ সম্পাদন করে থাকে।
এ বিষয়ে সুশীলনের কো-অর্ডিনেটর সুরোজ মিয়া জানান, মাধ্যমিক পর্যায়ের ৩০টি প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীদের বাল্যবিয়ে নিয়ে সচেতন করি। প্রায় ১২০ জন শিক্ষককে এ বিষয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করিয়েছি। বাল্যবিয়ে প্রতিরোধে আমরা ছাত্রীদের ক্যারাতে প্রশিক্ষণ দিচ্ছি।
উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রামেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অধিকাংশ বাল্যবিয়ের খবর অভিভাবকরা গোপন রাখেন। তাই, এর সঠিক সংখ্যা জানা নেই। আমরা সংবাদ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।
তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম জানান, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে। বয়সের কোন প্রমানপত্র ছাড়া ইউপি থেকে কোনভাবেই বয়স বাড়িয়ে জন্ম সনদ প্রদানের সুযোগ নেই। এমন কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।