ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৯ হাজার টাকা জরিমানা

লালমোহনে ১ কেজি ফলে ৯০ গ্রাম কম (!)

লালমোহনে এক কেজি ফল কিনতে ৯০ গ্রাম কম পাচ্ছেন ক্রেতারা। কিছু ফল ব্যবসায়ী কাগজের ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল বিক্রি করছেন। এতে ৭০ থেকে ৯০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে ক্রেতাদের। এতে ক্রেতারা নিজের অজান্তেই একজন ঠকছেন ২০ থেকে ৪০ টাকা। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারি কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার মো. মাহমুদুল হাসান রোববার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করলে ফল ব্যবসায়ীদের এই জালিয়াতি ধরা পরে। এসময় মোবাইল কোর্টে বেশ কিছু দোকানে জরিমানাও করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে লালমোহন বাজার ও আশেপাশের বিভিন্ন নিত্যপণ্যেও দোকান ও রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর আওতায় বিভিন্ন শাস্তিযোগ্য অপরাধে ১৯ জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। এতে মোট জরিমানা করা হয় ৩৯ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন, ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল বিক্রি করা, বাজারে দোকানের বাইরের ফুটপাত দখল করে দোকানের পণ্য সাজিয়ে রেখে পথচারীদের পথচলাতে বিঘ্ন ঘটানো, রেস্টুরেন্ট ফ্রিজে রান্না করা খাবারের সাথে রান্নার কাঁচামাল এক সাথে রাখা ও রান্না করা খাবার রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় রাখা সহ মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায় এসব জরিমানা করা হয়। এছাড়াও আগামী ২০ নভেম্বরের মধ্যে লালমোহন পৌরশহরের ফুটপাত মুক্ত করতে সকল ব্যবসায়ীদের সর্তক করেন ইউএনও পল্লব কুমার হাজরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।