হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

১৫ নভেম্বর পর্যন্ত তথ্য দেওয়ার সুযোগ, পরিচয় গোপন রাখবে বরিশাল রেঞ্জ পুলিশ
হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রেঞ্জ পুলিশ, বরিশাল। এ জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে তথ্য দেওয়া যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অস্ত্র ও গোলাবারুদের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। রাইফেল, এসএমজি, স্নাইপার ও এলএমজির তথ্য দিলে ২ লাখ টাকা; শটগান, পিস্তল ও গ্যাসগানের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে।
তথ্য দিতে রেঞ্জ পুলিশের কন্ট্রোল নম্বর ০১৩২০-১৫০৬৯৮ এবং হটলাইন ০১৩২০-১৫০৬৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
রেঞ্জ পুলিশ, বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্য দিয়ে দেশের প্রতি দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। এ কাজে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
