সর্বশেষঃ

চরফ্যাশনে স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, ক্ষুব্ধ ইউএনও; প্রাথমিক শিক্ষকদের কৈফিয়ত তলব

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং নিয়মিত পাঠদান না হওয়ার অভিযোগে শিক্ষকদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে এ কৈফিয়ত তলব করা হয়। এর আগে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে পাওয়া যায়নি বলে জানান চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় বিদ্যালয়টির চাবি পাশের বাড়ির একজনের কাছে রাখা ছিল। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের পাশের মাদ্রাসায় ভর্তি করেছেন।

এ ছাড়া একই ইউনিয়নের চরলিউলিন চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের নিয়মিত অনুপস্থিতির অভিযোগ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, শিক্ষকদের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কৈফিয়ত তলবের বিষয়টি নিশ্চিত হলেও তাঁদের জবাব এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।