সর্বশেষঃ

মনপুরায় ভিটি বরাদ্দ নিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ, আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি

ভোলার মনপুরায় উপজেলা পরিষদের জমিতে নতুন করে ভিটি বরাদ্দের উদ্যোগকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। বরাদ্দ কার্যক্রম বন্ধ না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে হাজিরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এ সময় তাঁরা ভিটি বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং প্রশাসনকে এ কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে ব্যবসায়ী নেতা মিজান পাটোয়ারী বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো হাজিরহাট বাজারকে পাশ কাটিয়ে নতুন বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। তিনি অভিযোগ করেন, আর্থিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভিটি বরাদ্দের কার্যক্রম বন্ধ করা না হলে ব্যবসায়ীরা ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন বলেন, হাজিরহাট বাজারের অনেক ব্যবসায়ী ঋণ নিয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করছেন। এমন পরিস্থিতিতে উপজেলা পরিষদের জমিতে নতুন করে ভিটি বরাদ্দ দেওয়া হলে পুরোনো বাজারের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান এই ব্যবসায়ী নেতা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাব-সংলগ্ন এলাকায় শতাধিক ভিটি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রতিটি ভিটির বিপরীতে ৫০ হাজার টাকা এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পাশে প্রতিটি ভিটির জন্য এক লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সোমবার সকালে আবেদন যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে ভিটি বরাদ্দের কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের খবর পেয়ে হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, হাজিরহাট বাজার থেকে দূরে উপজেলা পরিষদের নিজস্ব জায়গায় ১০০ জন ব্যবসায়ীর মধ্যে ভিটি বরাদ্দের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বরাদ্দ কার্যক্রম চলার সময় ব্যবসায়ীরা আপত্তি জানাননি; এখন তাঁরা প্রতিবাদ করছেন বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।