সর্বশেষঃ

ভোলায় নতুন ভোটার অন্তর্ভূক্ত হচ্ছে; লাগবে যে ধরনের কাগজপত্র

ভোলায় নতুন ভোটার হতে আবেদনকারীদের ১১ ধরনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে সশরীরে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ফরম জমা দেওয়ার পাশাপাশি বায়োমেট্রিক তথ্য গ্রহণের সিরিয়াল নিতে হবে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, চরফ্যাশন, ভোলা থেকে প্রকাশিত নির্দেশনায় নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর অনলাইন নিবন্ধন ফরম-২-এর প্রিন্ট কপি, অনলাইনে যাচাইযোগ্য জন্মনিবন্ধন সনদ, কিউআর কোডযুক্ত নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া বিদ্যুৎ বিল, টেলিফোন বিল অথবা পৌর এলাকার ক্ষেত্রে পৌরকর পরিশোধের রসিদ, রক্ত পরীক্ষার রিপোর্ট এবং নিজ, পিতা-মাতা বা স্বামী/স্ত্রীর নামে থাকা জমির দলিল কিংবা খতিয়ানের কপি প্রয়োজন হবে। স্বামীর ঠিকানায় ভোটার হতে চাইলে স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বিয়ের কাবিননামাও জমা দিতে হবে।
ফরম-২-এর ৩৪ ও ৩৫ নম্বর ক্রমিকে শনাক্তকারী হিসেবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর দিতে হবে। অন্যদিকে, ৪০, ৪১ ও ৪২ নম্বর ক্রমিকে যাচাইকারীর স্বাক্ষর, সিল ও জাতীয় পরিচয়পত্র নম্বর থাকা বাধ্যতামূলক।

পৌর এলাকায় মেয়র বা কাউন্সিলর এবং ইউনিয়ন এলাকায় চেয়ারম্যান বা ইউপি সদস্য যাচাইকারীর দায়িত্ব পালন করবেন।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী জানান, নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত করে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে ফরম জমা দিতে হবে এবং বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য সিরিয়াল নিতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।