ভোলার সবুজ বেষ্টনী উপভোগ করতে আসুন
আমেরিকার সাপ্তাহিক ঠিকানার সঙ্গে ভোলা আ’লীগ সভাপতি ফজলুল কাদের মজনু’র আলাপচারিতা হুবহু তুলে ধরা হলো

ফজলুল কাদের মজনু। ভোলা সদর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল। ছাত্রলীগ দিয়ে যে রাজনীতির হাতেখড়ি, সেই রাজনীতির পথ ধরেই হেঁটে চলেছেন। অনার্সসহ আইনশাস্ত্রে এম.এ করে আর আইন পেশায় আত্মনিয়োগ করা হয়নি ফজলুল কাদের মজনু’র। রাজনীতি নিয়েই আছেন। দু’দুবার ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর এখন সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি তিনি।
ফজুলল কাদের মজনু আমেরিকার সাপ্তাহিক ঠিকানার সাথে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর ঠিকানা অফিসে গিয়েছিলেন। ঠিকানার এক প্রতিনিধির সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। তিনি জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক এসেছেন। এই প্রথম আসা যুক্তরাষ্ট্রে। বলেন, খুব ভাল লাগছে, কেননা প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের এবার মূল্যায়ন করেছেন তার সফরসঙ্গী নির্বাচনে।
বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আসলে ‘৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর থেকেই সহিংস পথ ধরেছে রাজনীতি। ঐ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার সম্পন্ন হলে এমনটা হতো না। কিন্তু দুর্ভাগ্য, বিচারতো হয়ইনি, উপরন্তু বাধাগ্রস্ত করা হয়েছে। খুনীদের পুরস্কৃত করা হয়েছে। এ রকম পরিবেশে গণতন্ত্র পথভ্রষ্ট হয়। ন্যায়-বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা পায় না। ফলে সমাজে, রাষ্ট্রে অনাচার, দুর্নীতি, খুন-রাহাজানি বৃদ্ধি পায়। আমরা সে সবেরই বিষময় ফল ভোগ করছি। বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না। সংসদ বর্জন করে রাজপথে জ্বালাও-পোড়াও করছে। গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে সরকারের পাশাপাশি বিরোধীদলকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে যোগদান কতটা ফলপ্রসু সে সম্পর্কে ফজলুল কাদের মজনু বলেন, খুবই অর্থপূর্ণ এবং ফলপ্রসু সফর হয়েছে প্রধানমন্ত্রীর। বিভিন্ন ফোরামে তার বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। বিশ্বনেতৃবৃন্দ তার ভূয়সী প্রশংসা করেছেন। দিন বদল এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে অঙ্গীকার করে তিনি ক্ষমতায় এসেছেন, তা রক্ষায় তিনি আন্তরিক রয়েছেন।
সফরসঙ্গীরা অনেকেই কোন অনুষ্ঠানে যোগ না দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন বলে যে অভিযোগ শোনা যাচ্ছে সে সম্পর্কে আপনার মন্তব্য কী- জানতে চাইলে ফজলুল কাদের মজনু বলেন, এই অভিযোগ একেবারেই অসত্য। সবাই সব আলোচনায় যোগ দিচ্ছেন। আমরাতো বেড়ানোর একটুও সময় পাচ্ছি না। কেউ অতিরিক্ত সময়ও থাকছেন না। সবাই চলে যাচ্ছেন।
তিনি তার এলাকা সম্পর্কে বলেন, ১৫টি স্কুলে কম্পিউটার চালু করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এবং এমপিদের ক্ষমতার দ্বন্দ্ব সম্পর্কে বলেন, একই দলের চেয়ারম্যান এবং এমপি যেখানে আছেন সেখানে তেমন কোন দ্বন্দ্ব নেই। এছাড়া আগের অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। এখন সত্যি সত্যি দিন বদলের আলোকেই সবাই দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন।
ভোলা সম্পর্কে মজনু বলেন, ভোলার অবস্থান বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে। খুবই সম্ভাবনাময় জেলা ভোলা। ১০ হাজার ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে। সেখানে ৫শ’ মেগাওয়ার্ট বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তবে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভোলার সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। সাগরপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে ভোলার সাড়ে ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাদের রক্ষার জন্য টেকসই প্রযুক্তি দরকার। ভোলার উন্নয়নে বেড়িবাধ নির্মাণ, নদীর নাব্যতা সৃষ্টির জন্য ড্রেজিং এবং পরিবেশ বান্ধব কৃষি প্রবর্তন আশু প্রয়োজন।
তিনি বলেন, ভোলায় অবস্থানগত সুবিধা কাজে লাগিয়েও ভোলার সমৃদ্ধি করা যেতে পারে। চট্টগ্রাম এবং মংলা বন্দরের মাঝামাঝি ভোলার অবস্থান। তাই সেখানে লাইটারেজ কেন্দ্র করা যেতে পারে। ভোলার সবুজ বেষ্টনী উপভোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখানে বিশ্ব পর্যটকদের আকর্ষণ করা যায়। এছাড়া ইকুয়া ট্যুরিজমের মাধ্যমেও ভোলাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়।
ম্যানগ্রোব ফরেষ্টে ১০ হাজার হরিণ রয়েছে। এসব কাজে লাগানোর জন্য তিনি সরকারের প্রতি এবং সরকারের মাধ্যমে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। তিনি এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য প্রবাসী ভোলাবাসীদের প্রতিও আহ্বান জানান।
পরিশেষে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দল, অঞ্চলের উর্ধে প্রবাস জীবনে সবচেয়ে বড় করে তুলে ধরতে হবে দেশকে। সবাইকে মনে রাখতে হবে এবং গভীরভাবে বিশ্বাস করতে হবে যে, আগে দেশ, তারপরে দল ও অঞ্চল।
