দৌলতখানে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে আসিফ (১১) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । সোমবার (১৫জুন) বেলা ১২ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চামড়ার ডিগির পাড়ে তার নানুর ঘরে এঘটনা ঘটে। নিহত ওই শিশু চরখলিফা ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরে আলমের ছেলে। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শিশুর নানু হাজেরা জানান, সকালে আসিফকে বাড়িতে রেখে আমি ভিক্ষার উদ্দেশ্যে বের হই। পরে বেলা ১২ টায় বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে টিন খুলে ঘরে প্রবেশ করে লঙ্গির সাথে গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পরে স্থানীয়দের সহায়তায় তার মৃতদেহ আড়া থেকে নামানো হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
