সর্বশেষঃ

লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের উপজেলা সম্মেলন, ১৯১ সদস্যের কমিটি গঠন সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

ভোলার লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের উপজেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহসভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা শাখার সভাপতি ও পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী, সহসভাপতি ও রুহিতা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ মোশাররফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ বাদশাহ আলম। এছাড়াও চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের আহ্বায়ক ও আবুবকরপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাজহারুল ইসলাম এবং সদস্য সচিব ও হাছানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আবুল কালাম বোরহান উদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের যুগ্ম আহবায়ক ও মজমেরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফয়জুল্লাহ,সদস্য সচিব ও হাজিরহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইউসুফ, সদস্য ও রহমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মেছবাহ উদ্দিন,তজুমুদ্দীন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি মাওলানা মোঃ আইয়ুব আলী, সাধারন সম্পাদক মাওলানা মোঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, বদলি প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণ এবং মাদরাসা শিক্ষকদের বিদ্যমান সকল বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে। চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের ন্যায্য দাবিগুলো তাঁর হাত ধরেই বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী। শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বলেন, অধিকার আদায়ের এ গুরুত্বপূর্ণ সময়ে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা, অপপ্রচার কিংবা ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। সবাইকে বিভক্তি ভুলে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ, অতীতের মতো ভবিষ্যতেও জমিয়াতুল মোদাররেছীনের সাংগঠনিক ঐক্য, নেতৃত্ব ও আন্দোলনের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীদের সকল ন্যায্য দাবি আদায় সম্ভব হবে।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসা শিক্ষা, শিক্ষক-কর্মচারীদের অধিকার এবং দ্বীনি শিক্ষার স্বকীয়তা ও মর্যাদা রক্ষায় ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।
তিনি বলেন, ১৯৩৭ সালের ২ মার্চ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা শিক্ষার অস্তিত্ব রক্ষা, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, বেতন কাঠামোর উন্নয়ন, ইনক্রিমেন্ট, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, মাদরাসা শিক্ষা বোর্ডের স্বায়ত্তশাসন, ফাজিল ও কামিল ডিগ্রির উচ্চতর মর্যাদা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, জমিয়াতের দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার ধারাবাহিকতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষার জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা, জনবল কাঠামো প্রণয়ন, মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা প্রণয়ন এবং নন-এমপিও মাদরাসা এমপিওভুক্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে।

মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.)-এর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তিনি যখন জমিয়াতের নেতৃত্ব গ্রহণ করেন, তখন থেকেই সাধারণ শিক্ষার সঙ্গে মাদরাসা শিক্ষার বৈষম্য দূরীকরণে নিরলস প্রচেষ্টা চালান। বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই এ শিক্ষা স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তিনি জোরালোভাবে উত্থাপন করেন।
তিনি বলেন, ১৯৮৪ সাল থেকে দীর্ঘ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো যথাযথ নীতিমালার অভাবে নানা বঞ্চনার শিকার হয়েছে। ২০১৯ সালের ৮ মে তৎকালীন সরকারপ্রধানের স্বাক্ষরে নীতিমালা গৃহীত হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তাই অনতিবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা বাস্তবায়ন এবং দেশের ২৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকেও জাতীয়করণের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের যেসব ন্যায্য দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের আন্দোলন ও ঐক্যের মাধ্যমে অর্জিত হয়েছে, ইনশাআল্লাহ বর্তমানের চাকরি জাতীয়করণের দাবিও জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই বাস্তবায়িত হবে।

প্রধান অতিথি জানান, ঢাকায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের একটি বৃহৎ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিরও পরিকল্পনা রয়েছে। এ সম্মেলন সফল করতে দেশের সকল পর্যায়ের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এবং সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজীর নেতৃত্বে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপপ্রচার বা বিভ্রান্তিতে কান না দিয়ে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।

বক্তব্য রাখেন লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ইউসুফ, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, নাজিরপুর দারুল আউঃ হোসাঃ ফাজিল মাদরাসার উপকধ্যক্ষ নিয়াজ মাহমুদ, সাফিয়া খানম দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মহিববুল্লাহ, ফরাশগঞ্জ দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মাহবুব এলাহী, বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উত্তর ভেদুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান ও কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি,সহকারী শিক্ষক সাফিয়া খানম বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন, লালমোহন ইসলামি কামিল মাদরাসার প্রভাষক আব্দুর রশিদ, গজারিয়া আয়শা ছিদ্দিকা রা. বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জুলফিকার সাইফুল্লাহ,বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ রফিকুল ইসলাম, লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদরাসার প্রভাষক মোঃ আওলাদ হোসেন প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও চাকরিসংক্রান্ত বৈষম্য দূর করে তাঁদের চাকরি জাতীয়করণ করা সময়ের ন্যায্য দাবি। এ লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে কার্যকর আলোচনা এবং সাংগঠনিকভাবে শক্তিশালী ও নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাই বিভ্রান্তি ও বিভাজন পরিহার করে ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সম্মেলনে আগামী পাঁচ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইনকে সভাপতি এবং রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সহসভাপতি: লর্ডহার্ডিঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউসুফ, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ার হোসেন, নাজিরপুর দারুল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হাশেম, করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন এবং মুসলিমিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল।
যুগ্ম সাধারণ সম্পাদক: সাফিয়া খানম বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মহিববুল্লাহ এবং নাজিরপুর দারুল আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নিয়াজ মাহমুদ।
প্রচার সম্পাদক: আঃ মোতালেব মিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইব্রাহিম খলিল।
দপ্তর সম্পাদক: লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আবদুল মান্নান।
কোষাধ্যক্ষ: ফরাজগঞ্জ নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মাহবুব এলাহী।
এছাড়াও বিভিন্ন পদে অন্যান্য শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।

সম্মেলনের আগে সকালে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের নেতৃবৃন্দ লালমোহন উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ও পূর্ব ধলিগর নগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মরহুম মাওলানা মোঃ সাইফুল ইসলাম তালুকদারের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্মেলনে লালমোহন উপজেলার মাদরাসার প্রধান ও শত শত শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি শিক্ষক সমাজের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সম্মেলন শেষে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে নবগঠিত লালমোহন উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে লালমোহন উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।