অল্প সময়ে এত মানুষের ভালোবাসা, ভেদুরিয়ায় হাজী জাকিরের নির্বাচনী র্যালিতে জনস্রোত
অল্প সময়ে এত মানুষের ভালোবাসা, ভেদুরিয়ায় হাজী জাকিরের নির্বাচনী র্যালিতে জনস্রোত

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ, পথচলা আর মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়। নির্বাচনী প্রচারণায় ভিন্ন এক আমেজ তৈরি করেছেন ভোলা সদর উপজেলার ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জাকির হোসেন। তাঁর নির্বাচনী র্যালিতে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনপদ মুখর হয়ে ওঠে সমর্থকদের স্লোগানে।
অল্প সময়ের মধ্যে এত মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অকল্পনীয়। র্যালিতে নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। তাঁরা বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের কাছে পৌঁছান এবং লিফলেট বিতরণের মাধ্যমে নিজেদের নির্বাচনী বার্তা তুলে ধরেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন হাজী মোঃ জাকির হোসেন। ভোটারদের কথা শোনেন, চান দোয়া ও সমর্থন।
প্রচারণার একপর্যায়ে মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কথা তুলে ধরেন তিনি। হাজী মোঃ জাকির হোসেন বলেন, তিনি একজন কৃষকের সন্তান। এই ভেদুরিয়া ইউনিয়নেই তাঁর বেড়ে ওঠা। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। অল্প সময়ে এত মানুষের এই ভালোবাসা তাঁকে নতুন করে দায়িত্ববোধ জাগিয়েছে। ভেদুরিয়ার মানুষ যেন দল, মত কিংবা ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে বেছে নেন, সেটাই তাঁর প্রত্যাশা। দলীয় মূল্যায়ন পেলে তিনি ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হাজী মোঃ জাকির হোসেন বর্তমানে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
র্যালিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণকে নিজের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তাঁর সমর্থকেরা। তাঁদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ভেদুরিয়ার ভোটাররা এলাকার মানুষের পাশে থাকা এবং জনসেবায় আগ্রহী প্রার্থীকে গুরুত্ব দেবেন।
প্রচারণা শেষে হাজী মোঃ জাকির হোসেন এলাকার মুরুব্বিদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন।
