ভোলা জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি পেলেন মোঃ তানজিলুর রহমান
ভোলা জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি পেলেন মোঃ তানজিলুর রহমান

ভোলায় ২০২৫-২৬ অর্থবছরে জেলার সাত উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ তানজিলুর রহমান।
তিনি দৌলতখান উপজেলার মেঘনাবিধৌত বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
কৃষি সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ অবদান, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষক ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
ভোলার খামারবাড়ি মিলনায়তনে জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ভোলা খামারবাড়ির উপপরিচালক জনাব মোঃ খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ শামীম আহমেদ।
দৌলতখান উপজেলার মেঘনাবিধৌত বিচ্ছিন্ন চরাঞ্চল মদনপুর ইউনিয়নের কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তানজিলুর রহমান। প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও কৃষকদের পাশে থেকে নতুন নতুন ফসল চাষে উদ্বুদ্ধ করা, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং অনাবাদি জমিকে উৎপাদনমুখী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর উদ্যোগ ও পরামর্শে মদনপুর ইউনিয়নের কৃষকরা ক্যাপসিকাম, বিটরুট, শসা, চিচিঙ্গা, করলা, লাউ, ঝিঙা, কাঁচামরিচ ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। পাশাপাশি বছরের সাত থেকে আট মাস পানিতে ডুবে থাকার পর রবি মৌসুমে জেগে ওঠা অনাবাদি পতিত জমিতে তরমুজ চাষ সম্প্রসারণেও কাজ করছেন তিনি। এর মাধ্যমে একদিকে যেমন পতিত জমির সদ্ব্যবহার হচ্ছে, অন্যদিকে এলাকার শস্য নিবিড়তা বৃদ্ধি ও কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
বিশেষ করে বিচ্ছিন্ন চরাঞ্চলের কৃষকদের কৃষির নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত করা এবং তাঁদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তানজিলুর রহমানের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে তিনি মদনপুর ইউনিয়নের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা জেলার উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক তাঁর বক্তব্যে বলেন, মোঃ তানজিলুর রহমান মদনপুর ইউনিয়নের মতো একটি বিচ্ছিন্ন চরাঞ্চলে দায়িত্ব পালন করে কৃষি উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও তিনি কৃষকদের উচ্চমূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ করা, অনাবাদি জমিকে কৃষির আওতায় নিয়ে আসা এবং আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁর এই কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও কৃষকবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। জেলার সাত উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন তাঁর কাজেরই স্বীকৃতি। তিনি তানজিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও কৃষি ও কৃষকের উন্নয়নে এ ধরনের উদ্ভাবনী ও ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দৌলতখান উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম তাঁর বক্তব্যে মোঃ তানজিলুর রহমানের কৃষি সম্প্রসারণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, মদনপুরের মতো বিচ্ছিন্ন চরাঞ্চলে কৃষির সম্ভাবনা কাজে লাগাতে তানজিলুর রহমান আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কৃষকদের নতুন নতুন ফসল চাষে উদ্বুদ্ধ করা, উচ্চমূল্যের ফসল উৎপাদন সম্প্রসারণ এবং অনাবাদি জমিকে চাষের আওতায় আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি কৃষি উন্নয়নে ইতিবাচক অবদান রাখছেন। জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে তাঁর এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আশা প্রকাশ করেন, তানজিলুর রহমান ভবিষ্যতেও তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিডি (পিপি) জনাব মোঃ বাহাউদ্দীন সেক, জনাব মোঃ রিয়াজ উদ্দিন, এসএমও, পার্টনার, এসএসিপি-আরএআইএনএসের মনিটরিং অফিসার মোঃ রিফাত সিকদার, এডিডি (শস্য) জনাব তাওহিদুল ইসলামসহ জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ।
তানজিলুর রহমানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভোলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষি উন্নয়নে মাঠপর্যায়ের একজন কৃষি কর্মকর্তার নিষ্ঠা, দায়িত্ববোধ ও কৃষকবান্ধব কাজের স্বীকৃতি। তাঁর এই অর্জন মদনপুর ইউনিয়নের কৃষকসহ স্থানীয় কৃষি অঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
