কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে: জুবাইদা রহমান
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে: জুবাইদা রহমান

কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্ষুধামুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উন্নত জাতের ফসলের চাষাবাদ পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রাণিসম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্য বাজারজাত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে হবে।
প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
