সর্বশেষঃ

ভোলায় প্রাণিসম্পদ মেলায় ২১ স্টল, আকর্ষণের কেন্দ্রে মাশরুম পণ্য ও উন্নত জাতের গবাদিপশু

বৈচিত্র্যময় প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন আর আধুনিক খামার ব্যবস্থাপনার নানা সম্ভাবনা নিয়ে ভোলায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলা। গবাদিপশু, হাঁস-মুরগি থেকে শুরু করে পরিবেশবান্ধব খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদজাত পণ্যের সমাহারে প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এতে অংশ নিয়েছে ২১টি স্টল।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

মেলায় বিভিন্ন জাতের গরু, মহিষসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার তুলে ধরছেন অংশগ্রহণকারীরা।

মেলায় দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের স্টল। এখানে মাশরুম ও মাশরুমজাত বিভিন্ন পণ্যের পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে দুই স্তরবিশিষ্ট দেশি মুরগির খাঁচা, মাচা পদ্ধতিতে হাঁস পালন, ভার্মি কম্পোস্ট এবং অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ ডিম উৎপাদনের উদ্যোগ। এ ছাড়া মাশরুম দিয়ে তৈরি রেডি-টু-ইট খাবারও স্থান পেয়েছে স্টলটিতে। স্বল্প পরিসরে আধুনিক ও পরিবেশবান্ধব খামার পরিচালনার এসব উদ্যোগ নতুন উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগ্রহ তৈরি করছে।

জিজেইউএসের মহিষ খামারের মীরকাদিম জাতের গরু ও মুররাহ জাতের মহিষও মেলায় প্রদর্শন করা হচ্ছে। উন্নত জাতের এসব গবাদিপশুর পাশাপাশি বিভিন্ন প্রাণীর উপস্থিতি প্রাণিসম্পদের বৈচিত্র্য ও সম্ভাবনাকে তুলে ধরছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুন্নবী জেলা খামারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইমরুজ আলম টিমন, খামারি বিপ্লব তালুকদার সহ বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ মেলার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা আরও স্পষ্ট হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।