শেখ হাসিনার প্রত্যর্পণ ও স্বেচ্ছায় ফেরা আলাদা বিষয়: নয়াদিল্লি
শেখ হাসিনার প্রত্যর্পণ ও স্বেচ্ছায় ফেরা আলাদা বিষয়: নয়াদিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা এবং ঢাকার পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা প্রচলিত প্রক্রিয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন জয়সওয়াল।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো আইনের আওতায় তার বিচার হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
ঢাকার প্রত্যর্পণ অনুরোধ
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে।
