ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ সামিরুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার :: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর, ভোলার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
সভায় আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী আয়োজন সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা, খামারিদের উদ্বুদ্ধকরণ এবং গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন।
এ ছাড়া সরকারি শিশু পরিবারে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, দেশের পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তি সম্পর্কে সাধারণ খামারিদের আরও সচেতন করে তুলতে হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান সভার তথ্য নিশ্চিত করেছেন।
সভায় জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।