মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

তরঙ্গ নবায়নের জন্য মোবাইল অপারেটরদের কাছ থেকে সুদসহ ২৯ হাজার ১৩২ কোটি টাকা আদায়ের শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এককালীন অর্থ পরিশোধ না করে কিস্তিতে পরিশোধের সুযোগ নিলে অপারেটরদের অতিরিক্ত সাত হাজার ৮৯৪ কোটি টাকা সুদ দিতে হবে। এ শর্তে বিপাকে পড়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ বিষয়ে জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক করেছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।
এদিকে মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা জানান, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হলেও কখনো কিস্তির জন্য সুদ নেওয়া হয়নি। এবার সুদ আরোপ করা হলে অনেক অপারেটর নতুন বিনিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে।
৯০০, ১ হাজার ৮০০ এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ শেষ হয়েছে। এখন ২০ বছর মেয়াদে এই তিন ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গের মূল্য নির্ধারণ করে একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের দাম ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২২৯ কোটি টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দামে তরঙ্গ বিক্রি করা হলে সরকারের রাজস্ব আয় হতে পারে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা। প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলে সেখানে কিস্তিতে অর্থ পরিশোধের ক্ষেত্রে সুদ আরোপের শর্ত দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, তরঙ্গের মূল্য এক বছরের মধ্যে পুরোপুরি পরিশোধ না করলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এ সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ। পাশাপাশি তরঙ্গ নবায়নের জন্য অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন সনদ জমা দিতে হবে।
অর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল্য সুদ ছাড়া ২১ হাজার ২৩৮ কোটি টাকা। তবে কিস্তিতে পরিশোধ করলে সুদসহ মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা।
হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে অপারেটরদের প্রতিবার এক হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে দিতে হবে। তৃতীয় কিস্তিতে সুদসহ পরিশোধ করতে হবে তিন হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে দিতে হবে তিন হাজার ৬১ কোটি টাকা। এভাবে ১২টি কিস্তিতে ১০ বছর পাঁচ মাসের মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রস্তাব রয়েছে। শেষ কিস্তিতে দিতে হবে এক হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।
অর্থ মন্ত্রণালয়ের এ শর্তে তরঙ্গ নবায়ন ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মোবাইল অপারেটরগুলোর মধ্যে।
