সর্বশেষঃ

সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

সরকারি চাকরিতে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা নজরদারিতে রেখেছে সরকার। চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এতে সমস্যা নেই। প্রজাতন্ত্রের কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনও করছেন।

তবে চাকরিতে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে সেটি গুরুতর বিষয় বলে মন্তব্য করেন তিনি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে বলেও জানান উপদেষ্টা।

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা কীভাবে নজরদারি করা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এ ধরনের তথ্য সংগ্রহের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। সরকার চাইলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।

তবে কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।