দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ,

আনিসুর রহমান:: দক্ষিণ আইচা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল বিপর্যয়ের পর শিক্ষার মানোন্নয়ন এবং আগামীতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের একাডেমিক ভবনের হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ আইচা কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মো. মহিবুল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার, দক্ষিণ আইচা কলেজের সাবেক সভাপতি ও থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার।
এ ছাড়া বক্তব্য দেন দক্ষিণ আইচা থানা যুবদল নেতা মীর মো. নাজিমুদ্দিন, ঢালচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাতাব্বর, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আবুল কাশেম মাস্টার, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. শাহিন মিয়া, চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব খান এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
সমাবেশে বক্তারা কলেজের সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরিতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনে শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নজর দিতে হবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দক্ষিণ আইচা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
