সর্বশেষঃ

নানা আয়োজনে ভোলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং জাতীয় সমবায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় ব্যাংকের সভাপতি আলহাজ রাইসুল আলম। এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমারসহ সমবায় বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার অর্জন করেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেড, ভোলা সদর, ভোলা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।