সর্বশেষঃ

ভোলায় ৬৬ লাখ টাকার সারসহ ৮ পাচারকারী আটক মায়ানমারে পাচারের চেষ্টা জব্দ বোট

ভোলার দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের অভিযানে ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আট পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার রাত ১টার দিকে দক্ষিণ আইচা থানার তেঁতুলিয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে বোটসহ আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর চর জব্বার এলাকার আজগর হোসেন ও সেলিম, লক্ষ্মীপুরের কমলনগর এলাকার কবির হোসেন এবং ভোলার শশীভূষণ এলাকার আব্দুল মমিন, চরফ্যাশনের শামীম ও ইউসুফ, দুলারহাটের সিরাজ এবং দৌলতখানের রায়হান।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।