সর্বশেষঃ

প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়ায় ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ

ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়া ৭৯ শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৪ জন, মানবিক বিভাগের ৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২৫ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করা এবং তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ আগামী ৯ নভেম্বর সকাল ১০টায় কলেজের উপাধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। কলেজের একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভোলা সরকারি কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।