সর্বশেষঃ

বনানীতে সিলিন্ডার গ্যাসে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

রাজধানীর বনানীতে বাসা-বাড়ির রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক মিস কেইস্টিন ভার বুনাগ (৩৩) মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. সুলতান মাহমুদ শিকদার জানান, রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তার শরীরের প্রায় ৬৩ শতাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা সংশ্লিষ্ট বাসার ব্যবস্থাপক (ম্যানেজার) মোহাম্মদ আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে রান্না করার উদ্দেশ্যে গ্যাসের সিলিন্ডার চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সেদিনই তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসার ম্যানেজার আরও জানান, গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন ভার। তিনি বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর (ব্লক-বি/১) বাসার একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন।
এদিকে, ঘটনাটির বিষয়ে ‘আজিনোমোটো’ কোম্পানির সিইও ও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, নিহত কেইস্টিন ভার তার বান্ধবী ছিলেন। তারা দুজনই গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে উক্ত ঠিকানার ফ্ল্যাটে একত্রে বসবাস করছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।