সর্বশেষঃ

ভোলার চরফ্যাশনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি. এস. এম. ফিদা হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দক্ষতার ঘাটতির কারণে বাংলাদেশের অনেক শ্রমিক বিদেশে অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরিতে কাজ করেন। এ পরিস্থিতি পরিবর্তনে যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমানভাবে কর্মক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ শরীফ, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান শাহীন এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বাড়াতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ ছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, যুব প্রশিক্ষণ, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে,
এসব কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।