সর্বশেষঃ

ভোলা শিবপুরে ফের ৩ কিলোমিটার সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দিন

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ফের ব্যক্তিগত উদ্যোগে ৩ কিলোমিটার সড়ক সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিজেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মেম্বার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন তিনি। এতে চলাচলে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে।

এরআগে, তিনি একই ইউনিয়নের রতনপুর বাজার থেকে শান্তিরহাট বাজার পযন্ত সড়ক সংস্কার করেছেন। নিজ উদ্যোতে সড়ক সংস্কার করে মানুষের প্রশংসা কুড়িয়ে আলোচনায় আসেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট বাজার থেকে স্লুইসগেট এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এবং রতনপুর বাজার থেকে ভোকেশনাল এলাকা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এতে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে ভোগান্তি আরও বেড়ে যেত।

স্থানীয়দের ভাষ্য, সড়ক দুটির বেহাল অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে মাইনুদ্দিন মেম্বার নিজ উদ্যোগে সংস্কারের ব্যবস্থা করেন। এর আগে রতনপুর বাজার থেকে শান্তিরহাট পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেও তিনি প্রশংসা পেয়েছিলেন। এবার নতুন করে আরও ৩ কিলোমিটার সড়ক সংস্কার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যানবাহন ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ব্যক্তিগত উদ্যোগে মাইনুদ্দিন মেম্বার সড়ক সংস্কার করায় আপাতত চলাচলে কিছুটা স্বস্তি মিলেছে। এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

মাইনুদ্দিন মেম্বার বলেন, এলাকার মানুষের চলাচলের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই নিজের উদ্যোগে সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছি। জনসাধারণের ভোগান্তি কমাতে ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার চেষ্টা করব।

স্থানীয়দের দাবী, ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের ফলে সাময়িকভাবে দুর্ভোগ কমলেও সড়কগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী উদ্যোগ প্রয়োজন। এজন্য সড়কগুলোর পূর্ণাঙ্গ সংস্কারের দাবিও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, মাইনুদ্দিন মেম্বার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে আলোচনায় রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।