আ’লীগ আমলে দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
বিমানমন্ত্রী বরিশাল সেক্টরে পূর্বের ন্যায় ফ্লাইট অব্যাহত রাখার কথা বার বার পুনর্ব্যক্ত করলেও কর্তৃপক্ষ নিশ্চুপ

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত-এমপি বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট পূর্বাবস্থায় বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করলেও সোমবার বিকেল পর্যন্ত সে আলোকে বিমান কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত প্রদান করেনি। গত সপ্তাহে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন বিমান মন্ত্রীর সাথে কথা বললে, তিনি ‘বরিশাল সেক্টরে কোনো ফ্লাইট হ্রাস করা হবে না’ বলে তাকে জানিয়েছিলেন। রোববার রাতে বরিশাল-২ আসনের সাবেক এমপি ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একই বিষয়ে বিমান মন্ত্রীর সাথে কথা বললে, ‘বরিশাল সেক্টরে বর্তমানে চলাচলরত সব ফ্লাইট পূর্বাবস্থায় বহাল রাখার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত’ করেন বিমান মন্ত্রী।
তবে সোমবার বিকেল পর্যন্ত মন্ত্রীর এ সিদ্ধান্তের আলোকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের পূর্ব সিদ্ধান্তের কোনো পরিবর্তন করেনি বলে জানা গেছে। এমনকি ২২ অক্টোবরের পরে বরিশাল সেক্টরে বৃহস্পতিবারের ফ্লাইট বন্ধ থাকবে বলেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে। ২৯ অক্টোবর, বৃহস্পতিবারের কোনো টিকেট বিক্রি করছে না বিমানের বরিশাল সেলস অফিসসহ অনলাইন পোর্টালও। ফলে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সাথে হতাশাও সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মোঃ জহির উদ্দিন স্বপন সোমবার দুপুরে বরিশালে ইনকিলাবকে জানান, গত সপ্তাহে তিনি আসন্ন শীতকালীন সময়সূচিতে বরিশাল সেক্টরে বৃহস্পতিবারের ফ্লাইট হ্রাসে উদ্বেগসহ বরিশালের আপামর জনগণের নেতিবাচক মনোভাবের বিষয়টি বিমান মন্ত্রীর কাছে ব্যক্ত করলে, ‘কোনো অবস্থাতেই ফ্লাইট হ্রাস করা হবে না’ বলে তাকে আশ্বস্ত করেছেন। এমনকি বরিশাল সেক্টরে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ফ্লাইট ও সময়সূচি বহাল থাকবে বলেও মন্ত্রী তাকে কথা দিয়েছেন। রোববার রাতেও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিমান মন্ত্রী একই কথা দিয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন জানান, সোমবার দুপুরে তিনি বিষয়টি নিয়ে বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথেও টেলিফোনে কথা বলেছেন। কেউই বরিশাল সেক্টরে ফ্লাইট হ্রাস করার কথা বলেননি।
কিন্তু বিমান মন্ত্রী ও বিমান বাংলাদেশের সিইওর আশ্বাসের পরেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এদিকে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদও আসন্ন শীতকালীন সময়সূচিতে বরিশাল সেক্টরে ফ্লাইট সংখ্যা হ্রাসের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরিষদ অবিলম্বে নিয়মিত ফ্লাইট চালুসহ যশোর-বরিশাল-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-বরিশাল-যশোর সেক্টরে সপ্তাহে অন্তত দুদিন বিমান ফ্লাইট চালুর দাবি জানিয়েছে। গত বুধবার বরিশাল বিভাগীয় সচিবালয়ে বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমদের সাথে সাক্ষাৎ করে পরিষদ নেতৃবৃন্দ তার মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী বরাবরে এক স্মারকলিপিতে অবিলম্বে বরিশাল সেক্টরে নিয়মিত জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইটসহ চট্টগ্রাম-বরিশাল-যশোর রুটে সপ্তাহে অন্তত দুদিন ফ্লাইট চালুর দাবি জানায়।
বিভাগ উন্নয়ন পরিষদ ‘শীতকালীন সময়সূচিতে বরিশাল সেক্টরে ফ্লাইট সংখ্যা হ্রাসের সিদ্ধান্তটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি অবিলম্বে বরিশাল সেক্টরে সপ্তাহে ৭ দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবি পুনর্ব্যক্ত করেছে। স্মারকলিপিতে ‘বিমানে ভ্রমণের জন্য কোনো মানুষ ঢাকায় যায় না’ বলে দাবি করে ‘ঢাকায় যাবার জন্যই বিমানকে ব্যবহার করে থাকে’ বলেও মন্তব্য করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ। স্মারকলিপিতে পরিষদ যাত্রী চাহিদা বিবেচনা করেই দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র এ বিমানবন্দরের সাথে রাজধানীর নিয়মিত রাষ্ট্রীয় আকাশ পরিসেবা অব্যাহত রাখারও দাবি জানিয়েছে।
স্মারকলিপিতে বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ জানায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে ১৯৭৯ সালের ২৩ নভেম্বর বরিশাল সার্কিট হাউজে মন্ত্রিপরিষদের পূর্ণাঙ্গ বৈঠকে বরিশাল বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে বরিশাল বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু করেন। ১৯৯৩ সালের ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস আনুষ্ঠানিকভাবে বরিশাল বিমানবন্দর ও জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
সে থেকে নানা ষড়যন্ত্র ও চড়াই-উতরাই পেরিয়ে বরিশাল সেক্টরে কোনোমতে রাষ্ট্রীয় বিমান ফ্লাইট টিকে আছে। এমনকি ২০২১-এর ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন থেকে নতুন উড়োজাহাজ নিয়ে বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট চালু হলেও একটি কুচক্রী মহলের অপতৎপরতায় ২০২৩-এর সেপ্টেম্বরে তা সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। পরবর্তীতে বরিশাল মহানগরী থেকে ১৫ কিলোমিটার দূরে বিমানবন্দরে যাত্রীদের পৌঁছে দেওয়ার বাসটিও বন্ধ করে দেওয়া হয়।
বিভাগ উন্নয়ন পরিষদ অবিলম্বে বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট চালুসহ যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে আকাশ পরিসেবা চালুর দাবি পুনর্ব্যক্ত করেছে। নচেৎ এ দাবি আদায়ে নিয়মতান্ত্রিক কঠোর আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছে বিভাগ উন্নয়ন পরিষদ।
