শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করল কোস্ট গার্ড
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করল কোস্ট গার্ড

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে এসব লাল চিনি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
