শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করল কোস্ট গার্ড
দৌলতখানে ফ্যামিলি কার্ডের নাম ভাঙিয়ে বিধবার সোনার দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মো. মিরাজ হোসাইন :
ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় চঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই বিধবা নারী একই ওয়ার্ডের মৃত নাছির সাজির স্ত্রী।
ভুক্তভোগী মরিয়ম বেগম জানান, আজ দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুলটি দেখতে চাওয়ার একপর্যায়ে সেটি নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যান তাঁরা।
এ ঘটনায় অসহায় মরিয়ম বেগম প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে এ ধরনের প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
