স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি
ভোলায় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলার বাণী || কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার মাধ্যমে তাদের এগিয়ে নেওয়ার আহ্বানের মধ্য দিয়ে ভোলায় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভার এবারের প্রতিপাদ্য ছিল— ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়।’
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সমাজসেবক অধ্যক্ষ খালেদা খানম, জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক সাহিদা সুলতানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিশু ও তাদের অভিভাবকেরা।
আলোচনা সভায় সমাজসেবক অধ্যক্ষ খালেদা খানম বলেন, কন্যাশিশুদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। বাল্যবিবাহের কারণে অনেক কন্যাশিশুর ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে। বাল্যবিবাহ সম্পাদনকারী কাজিদেরও এ ক্ষেত্রে দায় রয়েছে। অর্থের বিনিময়ে বাল্যবিবাহ পড়ানো থেকে তাদের বিরত থাকতে হবে। পাশাপাশি কন্যাশিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, যাতে তারা নির্দ্বিধায় নিজেদের সমস্যা ও মতামত পরিবারের কাছে তুলে ধরতে পারে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন বলেন, কন্যাশিশুদের পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত হতে হবে। তাদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, বর্তমানে মেডিকেল কলেজগুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। শিক্ষা ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। এ অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কন্যাশিশুদের শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় কন্যাশিশুদের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে তাদের স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
