রক্তের অভাবে থমকে ছিল প্রসূতি মায়ের সিজার, পাশে দাঁড়াল ভোলা জেলা পুলিশ

রক্তের অভাবে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন আটকে থাকার খবর পেয়ে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে ভোলা জেলা পুলিশ। প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা হওয়ায় সময়মতো সম্পন্ন হয়েছে ওই প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন।
ভোলা জেলা পুলিশ মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর স্থানীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ভোলা’-এ রক্তের অভাবে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন আটকে থাকার সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করার উদ্যোগ নেন।
পুলিশ সুপারের উদ্যোগে ভোলা জেলা পুলিশ লাইন্সে কর্মরত বাংলাদেশ পুলিশের কনস্টেবল রায়হান তালুকদার স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা হওয়ায় নির্ধারিত সময়ে প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা সম্ভব হয়।
পরে পুলিশ সুপার কনস্টেবল রায়হান তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর মানবিক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে প্রসূতি মায়ের পরিবারের সদস্যরা রক্তদাতা কনস্টেবল রায়হান তালুকদার ও ভোলা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের বিপদ ও সংকটে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা কাজ করে যাচ্ছে।
জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ: ০১৩২০-১৫৩০৯৮
কন্ট্রোল রুম, জেলা পুলিশ, ভোলা
