সর্বশেষঃ

দক্ষিণ আইচায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ‎

চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ থেকে দক্ষিণ দিকে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
‎

শনিবার (৩ অক্টোবর) সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরফারুকী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
‎

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০ বছর আগে সর্বশেষ রাস্তাটি সংস্কার করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কয়েকশ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
‎

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। কাদা-পানি ও খানাখন্দ পেরিয়ে শিক্ষার্থীদের প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অনেক সময় স্কুল-কলেজের পোশাক কাদায় নষ্ট হয়ে যায় এবং জোয়ারের সময় বই-খাতাও ভিজে যায়। কেউ অসুস্থ হলে তাকে খাটে করে দক্ষিণ আইচা সদরে নিতে হয় বলেও জানান স্থানীয়রা।
‎

মানববন্ধনে বক্তব্য দেন মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের, মাওলানা আজাদসহ আরও অনেকে। বক্তারা দ্রুত সড়কটি সংস্কার করে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান।
‎

এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, “রাস্তাটি পুনর্নির্মাণের জন্য আমরা চেষ্টা করছি। পরবর্তী বরাদ্দ এলে রাস্তাটি সংস্কার ও পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।