সর্বশেষঃ

মাদক সেবন ছেড়ে ভালো হওয়ার প্রত্যয়, এলাকাবাসীকে নিয়ে মাদকবিরোধী মিছিল জসিমের

যিনি নিজেই ছিলেন মাদক কারবারের অভিযোগে আলোচিত, সেই ব্যক্তিই এবার দিলেন মাদক নির্মূলের স্লোগান। এলাকাবাসীর সামনে আত্মসমর্পণ করে মাদক থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পর, তাদের সঙ্গে নিয়েই মাদকবিরোধী মিছিল করেছেন ভোলার দক্ষিণ আইচার জসিম জমাদার।

ভোলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা।
মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত জসিম জমাদার এলাকাবাসীর কাছে আত্মসমর্পণ করে মাদক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এ সময় তিনি বলেন, এখন থেকে আর মাদক বিক্রি কিংবা সেবনের সঙ্গে জড়িত থাকবেন না তিনি।
শুধু নিজে নয়, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদেরও এ পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জসিম।
তিনি আরও বলেন, যারা মাদক থেকে ফিরে আসবেন না, প্রয়োজনে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে মাদক নির্মূলে সহযোগিতা করবেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী মিছিল করেন জসিম জমাদার। মিছিল থেকে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উল্লেখ্য জসিম কিন্তু এর আগেও একাধিক বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল ।

জসিমের দাবি, মাদক ছেড়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান। একই সঙ্গে এলাকার অন্য মাদকসেবী ও কারবারিদেরও এ পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান তিনি।

এলাকাবাসী বলছেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে জসিমের এই প্রত্যাবর্তন কতটা কার্যকর ও স্থায়ী হয়, এখন সেটিই দেখার বিষয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।