লালমোহনে মেজর হাফিজ গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে কালমার ৮ গোল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে কালমা ইউনিয়ন একাদশ। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন একাদশকে ৮-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে দলটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার ডা. আজহার উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আলম বাজার ক্রীড়া চক্রের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারী এবং ক্রীড়া সংস্থার সদস্য তামিম মহাজনসহ রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কালমা ইউনিয়ন একাদশ। একের পর এক আক্রমণে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন একাদশের রক্ষণভাগ চাপে পড়ে। শেষ পর্যন্ত ৮-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কালমা ইউনিয়ন একাদশ।
ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। আয়োজকদের দাবি, উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে প্রায় পাঁচ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকদের আশা, পরবর্তী ম্যাচগুলোতেও স্থানীয় খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে উঠবে।
