ভোলায় নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় নদী ভাঙনের ভয়াবহতা থেকে বসতবাড়ি ও মানুষের নিরাপত্তা রক্ষায় তেঁতুলিয়া নদীর তীরে টেকসই নদী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নদী পাড়ের সচেতন এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ও যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের তরুণ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনের কারণে প্রতিবছর নদীপাড়ের মানুষ ঘরবাড়ি, ভিটেমাটি ও সম্পদ হারিয়ে দুর্ভোগে পড়ছেন। নদীভাঙন শুধু মানুষের বসতভিটা কেড়ে নিচ্ছে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের স্বপ্ন, জীবিকা ও ভবিষ্যৎ। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ সময় নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তেঁতুলিয়া নদীর তীরে দ্রুত কার্যকর ও টেকসই নদী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
তরুণ নেতৃবৃন্দ বলেন, নদীভাঙন থেকে ভোলাকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। নদীপাড়ের মানুষের ভোগান্তি নিরসনে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
