মনপুরায় মসজিদের উন্নয়নকাজের হিসাব নিয়ে কথা বলায় শিক্ষককে মারধরের অভিযোগ
স্পিকারের চাহিদায় লালমোহনে তিন চিকিৎসক পদায়ন

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখা থেকে ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এস এম নোমান (১৫৩৬৬৫) এবং গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. প্লাবন হালদার (১৪৮৮৭৯৩)-কে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. দিব্য জ্যোতি পোদ্দার (১৪৭১৭৯)-কে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিকৃত চিকিৎসকদের ১৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৯ সেপ্টেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে তিনজন চিকিৎসক পদায়নের ফলে চিকিৎসক সংকট কিছুটা কমবে এবং স্থানীয় পর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
