দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

ভোলার দৌলতখানে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও সহজে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনা করেছে কৃষি বিভাগ। এ নিয়ে উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় সারের সরবরাহ, মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। কৃষক পর্যায়ে নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং সহজলভ্যতা নিশ্চিত করতে ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সারের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা মাঠ পর্যায়ে সার সরবরাহ ও বিতরণ নিয়ে বিভিন্ন সমস্যা ও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলার বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা অংশ নেন।
