সর্বশেষঃ

চরফ্যাশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম। এ ছাড়া উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স, সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, দেশের দুঃসময়ে যুবদল ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পরিস্থিতি মোকাবিলা করেছে। তিনি মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে মাদকবিরোধী কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে তিনি ও বিএনপি সরকার কাজ করছেন। সমাবেশে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।