তজুমদ্দিনে মারধর ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিনে প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন জিয়াউর রহমান (৩৭) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি। এ ছাড়া মানহানিকর, মিথ্যা ও হয়রানিমূলক অপবাদের বিরুদ্ধে এবং ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। জিয়াউর রহমান তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ নাগর ও ছাহেরা বেগমের ছেলে।
সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রতিবেশী পারভীন বেগম (৪৫) ও মোস্তাফিজুর রহমান (৫৫) এর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ১০ সেপ্টেম্বর শালিস-মীমাংসার আয়োজন করা হয়। শালিশ-মিমাংসার একপর্যায়ে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের সময় বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন। তিনি এর প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল ত্যাগ করার সময় পারভীন বেগম ও মোস্তাফিজুর রহমান তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যান। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। এ ঘটনায় জিয়াউর রহমান পারভীন বেগম (৪৫), মোস্তাফিজুর রহমান (৫৫), আয়শা সিদ্দিকা নিলা (২৬) ও মো. মজু (৪৫) এর বিরুদ্ধে ১১/০৯/২৬ তারিখে তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৪৪৬।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, স্থানীয় পর্যায়ে যে শালিশ মিমাংসায় বসা হয় সেখানে আমিও একজন শালিশদার হিসেবে উপস্থিত ছিলাম। তাদের পক্ষে কেন শালিশের রায় যায়নি এমন ক্ষোভের প্রেক্ষিতে লোকজনের উপস্থিতিতেই আমার উপর হামলা চালায়।
এছাড়া তারা আমার বিরুদ্ধে পারভীন বেগম ও মোস্তাফিজুর রহমান গংরা যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত তার নিজেরাই তাদের ঘর ভাংচুর ও আসবাবপত্র নস্ট করে আমাকে ফাসানোর জন্য এ কাজ করেছে। সমাজে আমাকে তারা হেয় প্রতিপন্ন করেছে। কেন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়েছে এ জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার (মেজর অব:) হাফিজ উদ্দিন আহমদসহ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবী করছি। জিয়াউর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন।
