সর্বশেষঃ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ‘শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছায়ানীড়ের পরিচালনায় সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা। মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে শুদ্ধ উচ্চারণের ওপর ২১ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সরকারি শাহবাজপুর কলেজ, হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরে অন্যান্য উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা বলেন, “শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে হলে সঠিক বানান ও উচ্চারণ শিখতে হবে। এজন্য শিক্ষার্থীদের অধ্যয়নে মনোযোগী হওয়া উচিত। রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না। যদি রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যেত, তাহলে রাজার ছেলেই সবচেয়ে বিদ্বান হতো। তাই জীবনে শিক্ষিত ও সমৃদ্ধ হতে হলে লেখাপড়ার বিকল্প নেই।”

অন্যান্য বক্তারা বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও শিক্ষিত ব্যক্তিরাও অনেক সময় শুদ্ধ উচ্চারণে ভুল করেন। আজকের কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে উদ্বুদ্ধ করা এবং সঠিক বানান লেখায় সবাইকে অনুপ্রাণিত করা। এসময় পরীক্ষায় অংশগ্রহণকৃত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।