সর্বশেষঃ

ভোলাায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৩ যানবাহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় শব্দের মানমাত্রা অতিক্রম করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের চালককে মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকায় ভোলা-ইলিশা ফেরিঘাট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম রুহুল আমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। অভিযানে জেলা পুলিশ লাইন ও ভোলা সদর মডেল থানার পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন যানবাহনের শব্দের মাত্রা পরিমাপ করা হয়। এর মধ্যে আয়েশা পরিবহনের একটি ট্রাকে ৯০ ডেসিবেল, হিরো হোন্ডা লড়িতে ১০১ ডেসিবেল এবং ইউসুফ পরিবহনের একটি ট্রাকে ১০২ ডেসিবেল শব্দের মাত্রা পাওয়া যায়।


হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে আয়েশা পরিবহনের ট্রাকচালক মোঃ ওহিদ মিয়াকে ৫০০ টাকা, হিরো হোন্ডা লড়ির চালক মোঃ সজল শিকদারকে ৩০০ টাকা এবং ইউসুফ পরিবহনের ট্রাকচালক মোঃ কামালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি যানবাহনের চালকদের মধ্যে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।