সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ‘সর্দারসহ’ গ্রেপ্তার-৩

মো: হাসনাইন আহমেদ ॥
ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) লালমোহন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
পুলিশ সুপার বলেন, তাঁর দিকনির্দেশনায় লালমোহন সার্কেল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), লালমোহন থানা ও বোরহানউদ্দিন থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে লালমোহন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ এলাকার মো. আমির হোসেন (৪৫), দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার মো. মঞ্জু (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর এলাকার মো. হাসান (২১)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট দিবাগত রাত প্রায় ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ১০ আগস্ট বোরহানউদ্দিন থানায় মামলা করেন সৈয়দ আরাফাত রহমান চৌধুরী। মামলায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট কানের ঝুমকা, একটি চিকন চেইন এবং চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. মঞ্জুর বিরুদ্ধে ছয়টি এবং মো. আমির হোসেনের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।